রোববার (১৪ নভেম্বর) শুরু হয় এসএসসি পরীক্ষা। সকাল থেকে শিক্ষার্থী অভিভাবক তাদের সন্তান নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসেন। ঠিক তেমনি একজন বাবা তার সন্তানকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল এখন। সকাল থেকে ফেসবুক টাইম লাইনে ঘুরছে দুটি ছবি। যে ছবি সকল বাবার প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দিয়েছে।
স্কুল ড্রেস পরিহিত এসএসসি পরীক্ষার্থী ছেলেকে পরীক্ষার হলে নিয়ে যাচ্ছেন বাবা।
ছবিটিতে দেখা যায়, বাবা দুই পায়ের সমস্যার কারণে হাঁটুতে ভর করে তার এসএসসি পরীক্ষার্থী ছেলেকে নিয়ে হাঁটছেন। যাত্রীবাহী বাসকে হাত তুলে দাঁড় করিয়ে নিরাপত্তা দিয়ে রাস্তা পার করিয়ে দিচ্ছেন ছেলেকে।
রাস্তা পারাপারের সময় বাবা-ছেলের এ দৃশ্য হঠাৎ ক্যামেরায় বন্দি করেন এক ব্যাক্তি। ছবিটি ফেসবুকে ছাড়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়।
ফেসবুকে ভাইরাল হওয়া ছবির পিছনে দেখা যায় রাজধানীর বাড্ডার ঢাকা ইসলামিয়া হাসপাতাল। বাড্ডার কোনো এক স্কুলে তার পরীক্ষার কেন্দ্র পড়েছে। প্রতিবন্ধী বাবার সঙ্গে পরীক্ষা হলে যাচ্ছে সে।
রাশাদে শিকদার নামে একজন ফেসবুকে লিখেছেন, বাবা তো জীবনের এক জ্যোতির্ময় আলোকবর্তিকা ও মাহান আত্মত্যাগী মহামনীষী। অনেক ভালোবাসি বাবা!