রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংথ্যা বেড়ে হয়েছে তিনজন। আহতের সংখ্যাও অনেক বেড়েছে। নারী ও শিশুসহ দগ্ধ অন্তত ৬০ জনকে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এছাড়া বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানের পাইলটসহ ৫ জনকে সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিমানে তিনি একাই ছিলেন। দুর্ঘটনাটি ঘটে সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানটি উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনায় দগ্ধদের দুপুর আড়াইটার দিকে ঢামেকের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, 'দগ্ধদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। বেশির ভাগই শিক্ষার্থী। অনেকের অবস্থাই আশঙ্কাজনক।'
