আওয়ামী লীগ সরকার পতনের পর দীর্ঘদিন কর্মস্থলে যোগ না দেওয়া এমন আরও চার পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। এ নিয়ে এখন পর্যন্ত ২১ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হলো।
তাদের মধ্যে রয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রওশানুল হক সৈকত, ডিএমপির সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. গোলাম রুহানী, ডিএমপির মিরপুর ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ।
রোববার (১৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে দেওয়া পৃথক চার প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের আদেশ জারি করা হয়। এর আগের দিন প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রওশানুল হক সৈকত (র্যাবে বদলির আদেশপ্রাপ্ত) গত বছরের ২৫ আগস্ট থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত। সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৮ এর ২(খ) ও ২ (চ) অনুযায়ী অসদাচরণ ও পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় যেদিন থেকে অনুপস্থিত সেদিন থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
ডিএমপির সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম গত বছরের ১০ সেপ্টেম্বর থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(গ) অনুসারে পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় যেদিন থেকে অনুপস্থিত সেদিন থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।
ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. গোলাম রুহানী গত বছরের ১১ আগস্ট থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৮ এর বিধি ২(চ) অনুসারে পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় যেদিন থেকে অনুপস্থিত সেদিন থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।
আরও পড়ুন: স্বর্গীয় বিছানাকান্দি ও পান্থমাই ঝর্ণা
এছাড়াও ডিএমপির মিরপুর ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ গত বছরের ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত। সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(গ) অনুসারে পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় যেদিন থেকে অনুপস্থিত সেদিন থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
