ফুলবাড়ীতে বিনা পাসপোর্টে ভারত প্রবেশের সময় তিন বাংলাদেশি আটক


কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট সীমান্ত দিয়ে বৈধ কাগজপত্র ছাড়াই ভারত প্রবেশের পর পুনরায় বাংলাদেশে ঢোকার চেষ্টা করার সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির নিকট হস্তান্তর করা হয়।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে। আটককৃতরা হলেন- ফুলবাড়ী উপজেলার ৬নং কাশিপুর ইউনিয়নের সরকারটারী গ্রামের আহাম্মদ সরকারের মেয়ে মোছাঃ বাহাতন বেগম (৪৮), বারেক আব্দুলের মেয়ে মোছাঃ বানেছা (৩০) এবং বানেছা ও রেজাউল হকের ছেলে মোঃ আলী হক (১৭)।

বিজিবি সূত্রে জানা যায়, বৈধ পাসপোর্ট বা প্রয়োজনীয় নথিপত্র ছাড়াই সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিএসএফ প্রথমে তাদের আটক করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ১৫ বিজিবির বালারহাট বিওপি দায়িত্বপ্রাপ্ত সদস্যদের কাছে তুলে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তারা পাসপোর্ট বা বৈধ কাগজপত্র না থাকার বিষয় স্বীকার করেন।

এ ঘটনায় বিজিবি বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে। পরবর্তীতে তাদেরকে ফুলবাড়ী থানা পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, “বিজিবির দায়েরকৃত এজাহারের ভিত্তিতে আটক তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

Post a Comment

Previous Post Next Post