গত তিন দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা একই পর্যায়ে আছে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন। বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সুপারিশের ওপর নির্ভর করবে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত।
শনিবার (২৯ নভেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ডা. জাহিদ বলেন, যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন ও আমেরিকাসহ বিভিন্ন দেশের হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতে এখানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ডা. জোবায়দা রহমান দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয় করছেন। চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তিনি (খালেদা জিয়া) তা গ্রহণ করতে পারছেন।
হাসপাতালের সামনে এসে অযথা ভিড় না করার অনুরোধ জানিয়ে ডা. জাহিদ বলেন, দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হচ্ছে। সবাই নিজ নিজ জায়গা থেকে দোয়া করবেন। সবার দোয়ায় তিনি সুস্থ হবেন ইনশাআল্লাহ।