লেবাননকে প্রকৃত শত্রুর হাত থেকে রক্ষা করুন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, দেশকে প্রকৃত শত্রুর হাত থেকে রক্ষা করুন।


শনিবার (৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। খবর তাসনিম নিউজ এজেন্সির। 

আরাগচি বলেন, প্রেসিডেন্ট আউনের মন্তব্যে লেবাননের বর্তমান চ্যালেঞ্জগুলোর আসল হুমকিকে উপেক্ষা করা হয়েছে এবং সংকটের উৎস ভুলভাবে চিহ্নিত করা হয়েছে। 

তিনি আরও বলেন, মি. আউনের মন্তব্য অনুযায়ী, মনে হতে পারে ইরানই লেবাননের এক-পঞ্চমাংশ দখল করেছে, এক-চতুর্থাংশ জনগণকে বাস্তুচ্যুত করেছে এবং প্রতিদিন দেশটিতে বোমা হামলা চালাচ্ছে।

আরাঘচি বলেন, লেবানন যদি ইরানের জন্য কোনো দরকষাকষির হাতিয়ার হতো, তাহলে আমরা অনেক আগেই একটি চুক্তিতে পৌঁছাতে পারতাম।

প্রসঙ্গত, শুক্রবার (৫ জুন) প্রেসিডেন্ট আউন সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) উদ্দেশ করে বলেন, এটি তোমাদের দেশ নয়, এটি আমাদের দেশ।

পাশাপাশি তিনি দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় লেবাননকে দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা অগ্রহণযোগ্য। পাশাপাশি, তিনি হিজবুল্লাহকে সংঘাতের অবসানে কূটনৈতিক পথ গ্রহণের আহ্বান জানান।

Post a Comment

Previous Post Next Post