পঞ্চগড়ে এসআই পরিচয়ে চাঁদাবাজি, ধরা পড়ল পুলিশ ও ভুয়া পুলিশ

পঞ্চগড় সদর উপজেলার বলেয়াপাড়া গ্রামে অভিযানের নামে তিন কিশোরের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টাকালে এক পুলিশ সদস্য ও এক ভুয়া পুলিশ সদস্যকে ধরে ফেলেছে স্থানীয়রা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় তাদের থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ


শনিবার (১২ জুলাই) রাত ১১টার পর এ ঘটনা ঘটে। বিষয়টি রোববার (১৩ জুলাই) বিকেলে নিশ্চিত করেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

পুলিশ সুপার জানান, প্রকৃত পুলিশ সদস্য কনস্টেবল মিজানুর রহমানকে তাৎক্ষণিকভাবে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আইনগত প্রক্রিয়াও চলছে। তার সঙ্গে থাকা শরিফুল ইসলামের বিরুদ্ধেও মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় কনস্টেবল মিজানুর রহমান নিজেকে এসআই পরিচয় দেন, আর শরিফুল ইসলাম ডিবি পুলিশের কনস্টেবল হিসেবে পরিচয় দেয়। মিজানুর দিনাজপুরের বিরল উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দা এবং শরিফুল পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের পেলকুজোত এলাকার।

বলেয়াপাড়া গ্রামের ইউপি সদস্য আব্দুস সালাম জানান, ওই রাতে তিন কিশোর রাস্তার পাশে বসে মোবাইল চালাচ্ছিল। এ সময় অভিযুক্ত দুজন গিয়ে তাদের জুয়া খেলার অভিযোগে ভয় দেখিয়ে ১ লাখ টাকা দাবি করে। একপর্যায়ে একটি কিশোরকে হাতকড়া পরিয়ে নিতে চাইলে তার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে এসে দুইজনকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

Post a Comment

Previous Post Next Post